
সুবিধাবঞ্চিত মানুষের বর্তমান অবস্থার জন্য রাজনীতিবিদদের দায়ী করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তাঁর মতে, রাজনীতি এখন সর্বগ্রাসী। রাজনীতির পরিবেশ ঠিক হলে দেশের অবস্থারও পরিবর্তন হবে। কিন্তু রাজনীতিবিদরা কীভাবে নিজেদের স্বার্থ হাসিল করা যায়, তা নিয়েই বেশি ব্যস্ত থাকেন। সুবিধাবঞ্চিত মানুষের কথা তারা ভাবতে চান না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ককাসের জনপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন স্পিকার।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, সাধারণ মানুষ রাজপথে না নামলে মাফিয়া সরকারকে ক্ষমতা থেকে সরানো সম্ভব হতো না। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা বজায় থাকলে ধীরে ধীরে সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা কমে আসবে। সংসদ সদস্যরা আন্তরিকভাবে কাজ করলে এ পরিবর্তন আনা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
স্পিকার আরও বলেন, সংসদ সদস্যরা চাইলে অনেক কিছুই করতে পারেন। তাঁদের অবস্থানের বাইরে দলও যেতে পারবে না। তবে এই সক্ষমতার বাস্তব প্রয়োগ নির্ভর করছে সংসদ সদস্যরা কতটা আন্তরিক, তার ওপর।
অতীতের অন্ধকার সময়ে আর ফিরে যেতে চান না জানিয়ে তিনি বলেন, পরিচ্ছন্ন নির্বাচন হলে দুই থেকে তিনটি নির্বাচনেই দেশের পরিস্থিতি ঠিক হয়ে যাবে। সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি ককাসকে সুষ্ঠু নির্বাচন নিয়েও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
বর্তমান সংসদকে প্রকৃত অর্থেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ হিসেবে উল্লেখ করেন স্পিকার। তাঁর ভাষ্য, এবারের সংসদে নির্বাচিত সদস্যদের মানও বেশ ভালো।
মনোনয়ন ব্যবস্থা তুলে দেওয়ার পক্ষে মত দিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, নারীরা এখন অনেক ভালো কাজ করছেন এবং শিক্ষিত হয়েছেন। সমাজে এমন যোগ্য নারী নেত্রী রয়েছেন, যারা পুরুষ প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে নির্বাচিত হচ্ছেন। এসব জনপ্রতিনিধি সমাজে দৃশ্যমান পরিবর্তন আনতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
ককাসের প্রথম কমিটিকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, প্রথম কমিটির উচিত দুর্নীতিবিরোধী কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া।