
পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল জন্মনিয়ন্ত্রণ খাবার বড়ি কিনবে সরকার। এসব বড়ি সরবরাহ করবে দেশীয় প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস। এতে ব্যয় হবে ৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে বড়ি কেনার প্রস্তাবটি কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়েছিল।
প্রস্তাব অনুযায়ী, ‘সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব জন্মনিয়ন্ত্রণ বড়ি কেনা হবে।
এ জন্য ২০২৫-২৬ অর্থবছরের ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ক্রয়প্রক্রিয়ায় সুপারিশপ্রাপ্ত দরদাতা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে পপুলার ফার্মাসিউটিক্যালস।
বৈঠকে উপস্থাপিত ক্রয় প্রস্তাবটি পর্যালোচনা শেষে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বড়িগুলো কেনার অনুমোদনের জন্য সুপারিশ করেছে।