
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজির জন্য সৌদি আরব পর্বে অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সব মিলিয়ে তাদের ফেরত দেওয়া হবে ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা।
রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মবিষয়ক মন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী হাজিদের সৌদি পর্বের অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার বিষয়ে বিস্তারিত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারও উপস্থিত ছিলেন।