
রাজধানীর মতিঝিল পোস্টাল কলোনি অফিসার্স কোয়ার্টারে ভাড়া থাকা এক নারী ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন আফসানা আক্তার (৩০) নামের এক নারী।
সোমবার (৪ অক্টোবর) মতিঝিল থানার অফিসার ইনচার্জ বরাবর দেওয়া আবেদনে তিনি অভিযোগ করেন, গত ৩ অক্টোবর রাত আনুমানিক ৮টার দিকে বাসার মালিক/ভাড়াদাতা দাবিদার বাদশা মিয়া (সানোয়ার) কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে তাঁর বাসায় প্রবেশ করেন। এ সময় তিনি ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়। একপর্যায়ে তারা চলে যাওয়ার সময় এক দিনের মধ্যে বাসা ছেড়ে না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ করেন আফসানা।
আবেদন সূত্রে জানা যায়, মতিঝিল পোস্টাল কলোনির অফিসার্স কোয়ার্টারের এফ/২, ১২/ডি নম্বর বাসাটিতে মোট চারটি কক্ষ রয়েছে। এর মধ্যে তিনটি কক্ষ ভাড়া নিয়ে আফসানা আক্তার তাঁর পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করছেন। গত ১ মে ২০২৬ তারিখে বাসাটির মালিক/ভাড়াদাতা বাদশা মিয়া (সানোয়ার)-এর সঙ্গে মৌখিকভাবে বাসা ভাড়ার বিষয়ে চুক্তি করে তিনি এক লাখ টাকা অগ্রিম দেন বলে আবেদনে উল্লেখ করেছেন।
আফসানা জানান, তিনি দীর্ঘমেয়াদি ভিত্তিতে বাসাটি ভাড়া নেওয়ার কথা বলে ওই টাকা প্রদান করেন। তবে পরবর্তী সময়ে গত ১ অক্টোবর সকাল আনুমানিক ১১টার দিকে সচিবালয় থেকে কয়েকজন কর্মকর্তা বা তদন্তকারী ব্যক্তি ওই বাসায় তদন্তের জন্য আসেন। তাঁরা বাসাটিতে ভাড়াটিয়া বসবাস করছেন কি না জানতে চাইলে আফসানা বিষয়টি স্বীকার করেন।
অভিযোগে বলা হয়, বিষয়টি জানার পর বাদশমিয়া (সানোয়ার) তাঁদের ওপর ক্ষিপ্ত হয়ে এক দিনের মধ্যে বাসা ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন। হঠাৎ করে এক দিনের মধ্যে বাসা ছেড়ে দেওয়া সম্ভব নয় এবং কিছু সময় প্রয়োজন—এমনটি জানানো হলেও তিনি তা মেনে নেননি বলে অভিযোগ করেন আফসানা।
এরপর ৩ অক্টোবর রাতে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে তিনি বাসায় এসে হামলার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানোর পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে জিডির আবেদনে উল্লেখ করা হয়েছে।
আফসানা আরও অভিযোগ করেন, ৪ অক্টোবর বিকেল আনুমানিক ৪টার দিকে একই ব্যক্তিরা আবার বাসায় এসে তাঁর শাশুড়ি ও ননদের ওপর হামলার চেষ্টা করেন। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন। বর্তমানে তাঁরা নিজেদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বাসাটি সরকারি বরাদ্দকৃত কোয়ার্টার হওয়ায় সেখানে সাবলেট বা ভাড়া দেওয়া-নেওয়া নিষিদ্ধ থাকতে পারে—এ বিষয়ে আগে অবগত ছিলেন না আফসানা। বিষয়টি জানার পরও তাঁকে ও তাঁর পরিবারকে হামলা, ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক বাসা ছাড়তে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন।
আফসানা আক্তার তাঁর আবেদনে ভবিষ্যতে তাঁর বা পরিবারের কোনো সদস্যের শারীরিক ক্ষতি, হামলা, ভয়ভীতি কিংবা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বাদশমিয়া (সানোয়ার) ও তাঁর সঙ্গে থাকা অজ্ঞাতনামা ব্যক্তিদের দায়ী করার কথা উল্লেখ করেছেন।
বিষয়ে জানতে চাইলে ডাক বিভাগের মহাপরিচালক (ডিজি) কাজী আসাদুল ইসলাম ঢাকাওয়াচ কে বলেন, ইতোমধ্যে অনিয়মের অভিযোগে সানোয়ারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া সরকারী বাসা ভাড়া দেয়ার নিয়ম নেই, বাসার বিষয়েও সিদ্ধান্ত নিতে যাচ্ছে ডাক বিভাগ।
ফরেন পোস্ট অফিসের ডিপিএমজি শাহনাজ সিদ্দিকি বলেন, কোন এলোটি বাসা ভাড়া দেওয়ার কোন নিয়ম নেই, আমরা এ অভিযোগ আমলে নিয়েছি। এলোটির নাম সাসপেন্স করা হয়েছে, অন্যান্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁর ও পরিবারের সদস্যদের নিরাপত্তায় পুলিশের সহায়তা চেয়েছেন তিনি।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত বাদশামিয়া (সানোয়ার)-কে একাধিক ফোন দিলে তাকে ফোনে পাওয়া যায়নি।