
সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনের প্রতিটি মুহূর্ত তুলে ধরার প্রবণতার ভেতরেই এখন নতুন এক ধারা জায়গা করে নিয়েছে ‘সফট লঞ্চ’। বিশেষ করে জেনজি প্রজন্মের মধ্যে সম্পর্কের শুরুতেই তা প্রকাশ না করে আড়ালে ইঙ্গিত দেওয়ার এই সংস্কৃতি দ্রুত জনপ্রিয় হচ্ছে।
আধুনিক ডেটিং সংস্কৃতিতে ‘সফট লঞ্চ’ বলতে বোঝায় সম্পর্কের কথা পুরোপুরি প্রকাশ না করে ইঙ্গিতপূর্ণ ছবি, আংশিক দৃশ্য বা ইমোজির মাধ্যমে বোঝানো যে জীবনে বিশেষ কেউ এসেছে। এতে সঙ্গীর নাম, মুখ বা পরিচয় সরাসরি প্রকাশ করা হয় না। তবে সোশ্যাল মিডিয়ার অনুসারীরা ঠিকই বুঝে যান যে সম্পর্ক শুরু হয়েছে।
এই ট্রেন্ডের কিছু সাধারণ উদাহরণ হলো, রেস্তোরাঁয় কফির ছবিতে শুধু হাত দেখা যাওয়া, ভ্রমণের ছবিতে দুজনের ছায়া, কিংবা কোনো ক্যাপশন ছাড়াই একটি হার্ট ইমোজি ব্যবহার করা। বার্তাটি স্পষ্ট থাকে, আমি আর একা নই, কিন্তু সঙ্গীটি কে, তা গোপন।
বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে কাজ করছে একাধিক সামাজিক ও মানসিক কারণ। সম্পর্কের শুরুর পর্যায়ে গোপনীয়তা বজায় রাখার প্রবণতা, সম্পর্ক কতটা স্থায়ী হবে তা আগে যাচাই করার মানসিকতা, এবং আগের সম্পর্ক ভেঙে যাওয়ার পর সামাজিক মাধ্যমে অস্বস্তিকর পরিস্থিতি এড়ানোর চেষ্টা, সব মিলিয়েই এই প্রবণতা বাড়ছে।
অনেকে আবার এটিকে দেখছেন এক ধরনের ডিজিটাল কৌতূহল তৈরির কৌশল হিসেবে। সম্পর্ককে পুরোপুরি উন্মুক্ত না করে সামান্য রহস্য রেখে দেওয়া অনেকের কাছেই এক ধরনের মানসিক স্বস্তি ও নিয়ন্ত্রণের অনুভূতি তৈরি করে।
একসময় সামাজিক মাধ্যমে সম্পর্ক মানেই ছিল প্রকাশ্য ঘোষণা, প্রোফাইল স্ট্যাটাস বদলে ‘ইন এ রিলেশনশিপ’। কিন্তু সময় বদলেছে। এখন সম্পর্ক থাকলেও তা প্রকাশের ধরন হয়ে উঠছে ধীরে, ইঙ্গিতপূর্ণ এবং নিয়ন্ত্রিত।
ফলে ‘সফট লঞ্চ’ শুধু একটি ট্রেন্ড নয়, বরং ডিজিটাল যুগে সম্পর্ক প্রকাশের বদলে যাওয়া মনোভাবেরও প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।