
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম আজ বুধবার (২২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে।
নির্বাচন কমিশনের পূর্বঘোষিত তফসিল অনুযায়ী, আজ ও আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুই দিনব্যাপী এই বাছাই কার্যক্রম চলবে।
মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব এবং সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ দুপুর ২টা থেকে এবং আগামীকাল সকাল ১০টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রক্রিয়াটি সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে বাছাই চলাকালে প্রার্থী নিজে, তার প্রস্তাবক ও সমর্থকরা উপস্থিত থাকতে পারবেন।
সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া শেষ করেছে। এখন মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।