
সুযোগ পেলে ভারতে পালিয়ে যাওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে চান আইনজীবী জেডআই খান পান্না।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রাক্তন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরীর জামিন স্থগিত নিয়ে ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
খান পান্না বলেন, ‘গণহারে মামলার সংখ্যা অতীতের যে কোন সময়ের চেয়ে তুলনামূলকভাবে বেড়েছে।’
এর পূর্বে, জুলাই-আগস্টে খুনের অভিযোগে দায়ের করা মামলায় মেহেদী হাছান চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। আসামির পক্ষে ছিলেন আইনজীবী জেডআই খান পান্না। সুপ্রিম কোর্ট বারের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
গেল ১৯ নভেম্বর জুলাই-আগস্টের ঘটনায় খুনের অভিযোগে দায়ের করা মামলায় মেহেদী হাছান চৌধুরীকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গেল ২০ সেপ্টেম্বর সীমান্ত পথে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক হন মো. মেহেদী হাছান চৌধুরী। পরে তাকে জুলাই-আগস্টের হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। তার পূর্বে গেল ৮ আগস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার মো. মেহেদী হাছান।