
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে শিশুটির বাসায় গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের পল্লবীতে রামিসাদের বাসায় পৌঁছান তিনি। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন।
সরকারপ্রধানের সঙ্গে এ সময় আইনমন্ত্রী আসাদুজ্জামান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সরাসরি রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী।
শিশুটিকে ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় রাজধানীসহ সারা দেশে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে পল্লবী থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। রাতে কালশী এলাকায় সড়ক অবরোধ করেও প্রতিবাদ জানানো হয়। দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও সমাবেশ থেকে জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি ওঠে।
এর আগে বুধবার (২০ মে) ঢাকার একটি আদালতে প্রধান অভিযুক্ত সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, ঘটনার দিন সকালে রামিসাকে নিজেদের বাসায় নিয়ে গিয়ে নির্যাতনের পর হত্যা করা হয়। পরে মরদেহ গোপনের চেষ্টা চালানো হয়। ঘটনার সময় অভিযুক্তের স্ত্রীও বাসায় উপস্থিত ছিলেন বলে তদন্তে উঠে এসেছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে।