
মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ করতে এবং আসন্ন ঈদুল ফিতরে নির্বিঘ্নে দেশে ফেরার সুযোগ করে দিতে শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ১৩ এপ্রিল থেকে ঢাকা-শারজাহ এবং ১৪ এপ্রিল থেকে ঢাকা-আবুধাবি রুটে নিয়মিত ফ্লাইট চলাচল করবে।
মঙ্গলবার (১০ মার্চ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ও ভিসা জটিলতায় প্রবাসীদের মধ্যে কিছুটা উদ্বেগ কাজ করছে। বিশেষ করে আসন্ন ঈদে সপরিবারে দেশ আসার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এসব দিক বিবেচনা করেই শারজাহ ও আবুধাবিতে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
১৩ এপ্রিল থেকে ঢাকা-শারজাহ রুটে সপ্তাহে চার দিন শুক্রবার, রোববার, মঙ্গলবার ও বুধবার ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা থেকে রাত ৮টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ছাড়বে এবং শারজাহ থেকে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ফিরবে।
অন্যদিকে, ১৪ এপ্রিল থেকে সপ্তাহে তিন দিন শনিবার, সোমবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে আবুধাবি রুটে ফ্লাইট চলবে। এর মধ্যে শনিবার ও বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটে ঢাকা থেকে সরাসরি আবুধাবির উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। আর প্রতি সোমবার বিকেল ৩টা ৫৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবির দিকে যাত্রা করবে। একই দিন সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে সরাসরি আবুধাবির উদ্দেশে ফ্লাইটটি ডানা মেলবে। ফিরতি ফ্লাইটটি আবুধাবি থেকে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবে।
শারজাহ ও আবুধাবি রুটে ১৬১ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে। সংস্থাটি জানায়, বর্তমানে দুবাই, জেদ্দা, রিয়াদ ও মাস্কাট রুটেও তাদের ফ্লাইট চলাচল করছে এবং খুব শিগগিরই দোহা রুটেও ফ্লাইট পুনরায় শুরুর পরিকল্পনা রয়েছে।
টিকিট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য প্রবাসীরা ও ভ্রমণপিপাসুরা ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন।