
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার প্রায় দুই বছর না যেতেই আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আবারও জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করলেন উরুগুয়ের অভিজ্ঞ ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রয়োজন হলে দেশের ডাকে সাড়া দিতে প্রস্তুত আছেন এবং জাতীয় দলকে কখনোই না বলা তার পক্ষে সম্ভব নয়।
৩৯ বছর বয়সী এই তারকা একটি গণমাধ্যমকে বলেন, ‘জাতীয় দলে খেলার ইচ্ছা সবসময়ই মনে থাকে। বিশ্বকাপ যত কাছে আসে, এই ভাবনাটা তত বেশি ঘুরতে থাকে। দেশের জন্য খেলতে ডাকা হলে না বলা যায় না, আমার ক্ষেত্রেও সেটাই সত্যি।’
তিনি আরও জানান, তরুণদের সুযোগ করে দিতেই আগে সরে দাঁড়িয়েছিলেন, তখন মনে হয়েছিল দীর্ঘ সময় দলে থাকার মতো অবস্থায় নেই। তবে এখনো নিজেকে সক্রিয় ও প্রস্তুত মনে করেন।
২০২৪ সালের ৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন সুয়ারেজ। ২০০৭ সালে অভিষেকের পর ১৭ বছরের ক্যারিয়ারে দেশের জার্সিতে ১৪৩ ম্যাচে ৬৯ গোল করে উরুগুয়ের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসন দখল করেন তিনি। প্যারাগুয়ের বিপক্ষে মন্টেভিডিওতে নিজের বিদায়ী ম্যাচে শেষ বাঁশির পর অশ্রুসজল চোখে মাঠ ছাড়ার দৃশ্য যেন তার দীর্ঘ যাত্রার আবেগময় পরিসমাপ্তি হয়ে ছিল।
অবসরের সিদ্ধান্ত যে সহজ ছিল না, সেটিও স্পষ্ট করেন তিনি। বলেন, ‘ফুটবলের প্রতি ভালোবাসা আর স্বপ্ন কখনো কমে না। কিছু বাস্তব কারণে সরে দাঁড়াতে হয়েছিল, কিন্তু খেলার প্রতি আমার আগ্রহ একটুও কমেনি।’ ক্লাব ফুটবলে এখনো ছন্দে থাকা সুয়ারেজ সাম্প্রতিক এক ম্যাচে গোল করে নিজের কার্যকারিতার প্রমাণও দিয়েছেন, যা তার সম্ভাব্য ফেরার আলোচনাকে আরও জোরালো করছে।
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া বিশ্বকাপে উরুগুয়ে ‘এইচ’ গ্রুপে স্পেন, কেপ ভার্দে ও সৌদি আরবের মুখোমুখি হবে। এমন বাস্তবতায় অভিজ্ঞ এই স্ট্রাইকারের সম্ভাব্য প্রত্যাবর্তন যেন দলের জন্য হতে পারে পুরোনো তলোয়ার নতুন করে ধার দেওয়ার মতোই এক বার্তা।