
লিবিয়ায় মৃত্যুর প্রায় আট মাস পর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের গুরুড়া গ্রামের তরিকুল ইসলামের (২৬) মরদেহ নিজ বাড়িতে পৌঁছেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার মরদেহ গ্রামে আনা হয়।
গ্রামবাসী জানান, দরিদ্র কৃষক জাহাঙ্গীর হোসেনের ছেলে তরিকুল ইসলাম প্রায় সাত-আট বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় কয়েক লাখ টাকা খরচ করে লিবিয়ায় পাড়ি জমান। সেখানে একটি নির্মাণ প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, লিবিয়ায় থাকা অবস্থায় গত ৩ জানুয়ারি হঠাৎ মারা যান তরিকুল। তবে কাগজপত্রসহ বিভিন্ন আনুষঙ্গিক জটিলতার কারণে তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে দীর্ঘ সময় লেগে যায়।
শনিবার দুপুরে তরিকুলের মরদেহ ঢাকার বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে বিকেল ৪টার দিকে মরদেহটি গ্রামের বাড়িতে নেওয়া হয়।
বিকেল ৫টার দিকে স্থানীয় ঈদগাহ মাঠে তরিকুলের জানাজা অনুষ্ঠিত হয়। এতে তার স্বজন, প্রতিবেশী এবং স্থানীয় লোকজন অংশ নেন।
জানাজা শেষে রাত ৮টার দিকে পারিবারিক কবরস্থানে তরিকুলের মরদেহ দাফন করা হয়।
তরিকুলের মরদেহ দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন একই গ্রামের স্থানীয় ইউপি সদস্য আব্দুল মোতালেব হোসেন আহমেদ।
তিনি বলেন, তরিকুল অবৈধভাবে লিবিয়ায় গিয়েছিলেন। আইনি ও প্রশাসনিক জটিলতার কারণেই তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে দেরি হয়েছে।