
পবিত্র রমজান মাস আসন্ন। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) শাবান মাসের ২৯তম দিনে রমজানের চাঁদ দেখা হবে। চাঁদ দেখা যাওয়ার ওপর ভিত্তি করে নির্ধারিত হবে প্রথম রোজার দিন।
জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, যদি ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যায়, তবে ১৮ ফেব্রুয়ারি (বুধবার) থেকে মুসলমানরা রোজা শুরু করবেন। আর যদি ওইদিন চাঁদ দেখা না যায়, তবে শাবান মাস পূর্ণ ৩০ দিনে পৌঁছাবে এবং ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে রোজা শুরু হবে।
সৌদি আরবে রমজান শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত দেয় দেশের সুপ্রিম কোর্টের চাঁদ দেখা কমিটি। যদিও আধুনিক প্রযুক্তি ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব আছে, ধর্মীয় বিধান অনুযায়ী খালি চোখে বা টেলিস্কোপে চাঁদ দেখা মাত্রই তা চূড়ান্ত হিসেবে গণ্য হবে। কমিটির ঘোষণা প্রকাশিত হলে রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক সংবাদ জানানো হবে।
বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে এবার রমজান শীতকালীন সময়ে পড়ছে, ফলে রোজার দৈর্ঘ্য গ্রীষ্মকালের তুলনায় কম হবে। ধারণা করা হচ্ছে, মুসলমানদের জন্য রোজা পালন করতে হবে প্রায় ১২–১৩ ঘণ্টা।