.jpg)
সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার ভোরে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে সম্ভাব্য বিমান হামলার আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক করে ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছিল দেশটির কর্তৃপক্ষ।
জুলাইয়ে প্রতিবেশী ইয়েমেনে সংঘাত নতুন করে তীব্র হওয়ার পর এই প্রথম সৌদি রাজধানী রিয়াদ সরাসরি এর প্রভাবের মুখে পড়ল।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সাম্প্রতিক কয়েক দিনে ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে সৌদি আরব। এর মধ্যেই শনিবার ভোরে রিয়াদে হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়।
স্থানীয় সময় রাত ৩টার কিছু আগে রাজধানীর বাসিন্দাদের মোবাইলে একটি সতর্কবার্তা পাঠানো হয়। সেখানে বলা হয়, ‘এলাকাটি শত্রুপক্ষের আকাশপথে হামলার হুমকির মধ্যে রয়েছে।’ একই সঙ্গে বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়।
সতর্কবার্তা জারির কিছুক্ষণ পর এএফপির সাংবাদিকরা দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। এরপর প্রায় ৩০ মিনিট পর সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বিমান হামলার সতর্কতা প্রত্যাহার করে নেয়।
ইয়েমেনে হুতিদের সামরিক অভিযান
ইয়েমেনের জনবহুল অধিকাংশ এলাকা আগে থেকেই নিয়ন্ত্রণে রাখা হুতিরা চলতি মাসে আকস্মিকভাবে নতুন সামরিক অভিযান শুরু করেছে।
এই অভিযানের লক্ষ্য ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। এর মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালীর ওপরও হুতিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় সৌদি আরব তেল রপ্তানির বিকল্প সমুদ্রপথ হিসেবে বাব আল-মান্দাব ব্যবহার করছিল।
তবে এখন হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে ওই সমুদ্রপথে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে।