
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঢাকায় কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি এই সময় বলেন, আমরা বাণিজ্যে ভারসাম্য রক্ষা করার পাশাপাশি বাংলাদেশকে তার জনগণের জন্য খাদ্য নিশ্চিত করতে সহায়তা করছি।
সোমবার (২ মার্চ) মন্ত্রীর সচিবালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত সাক্ষাৎকালে উভয়পক্ষ কৃষি, প্রাণিসম্পদ এবং পারস্পরিক আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পর্কিত বিষয়গুলো আলোচনা করেন।
সাক্ষাৎকালে কৃষিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু ও গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। দুই দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং বাংলাদেশের কৃষিনির্ভর অর্থনীতি এগিয়ে নিতে মার্কিন কৃষি প্রযুক্তি ও সহায়তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রদূত নবনিযুক্ত মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, তার দেশ কৃষিখাতে আমদানি-রপ্তানি বাণিজ্য আরও উন্নত করতে আগ্রহী। এ বিষয়ে কাজ করার জন্য মন্ত্রীও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
ক্রিস্টেনসেন আরও বলেন, “আমেরিকার উচ্চমানের কৃষিপণ্য যেমন সয়াবিন, ভুট্টা, গম ও তুলা বাংলাদেশের প্রাণিসম্পদ, দুগ্ধ ও মৎস্য খাতের খামারি এবং বিভিন্ন মিল মালিকদের সহায়তা করে। আমরা বাণিজ্যে ভারসাম্য বজায় রাখার পাশাপাশি বাংলাদেশকে তার জনগণের খাদ্য জোগাতে সহায়তা করছি।”
সাক্ষাৎকালে কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।