
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কৃষি আমদানি-রপ্তানি বাণিজ্য আরও শক্তিশালী করতে আগ্রহ প্রকাশ করেছে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সোমবার (২ মার্চ) সচিবালয়ে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ-এর সঙ্গে সাক্ষাতে এ আগ্রহের কথা জানান।
সাক্ষাৎকালে কৃষি, প্রাণিসম্পদ ও পারস্পরিক আমদানি-রপ্তানি বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। শুরুতে কৃষিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু এবং উন্নয়ন অংশীদার। উভয় দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত চমৎকার। বাংলাদেশে কৃষি-নির্ভর অর্থনীতি আরও শক্তিশালী করতে মার্কিন কৃষি প্রযুক্তি ও সহযোগিতার মনোভাবকে আমরা স্বাগত জানাই।”
রাষ্ট্রদূত নবনিযুক্ত মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তার দেশ কৃষিখাতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী। মন্ত্রীও এ বিষয়ে কার্যক্রমে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।