
রাজধানীর বনশ্রীতে নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে শেলটেক সিরামিকস লিমিটেড (এসসিএল)। গ্রাহকদের টাইলসের বিভিন্ন নকশা, টেক্সচার ও ফিনিশিং সরাসরি দেখার সুযোগ করে দিতে গত ২৪ সেপ্টেম্বর শেলটেক সিরামিকস প্লাজায় সেন্টারটির উদ্বোধন করা হয়। এটি ঢাকায় প্রতিষ্ঠানটির তৃতীয় এক্সপেরিয়েন্স সেন্টার।
বনশ্রীর মূল সড়কে অবস্থিত সেন্টারটিতে শেলটেক সিরামিকসের বিভিন্ন ধরনের টাইলস পণ্যের সংগ্রহ রাখা হয়েছে। গ্রাহকেরা সেখানে বিভিন্ন টাইলসের টেক্সচার, ফিনিশিং, রং ও নকশা সরাসরি দেখে নিজেদের প্রয়োজন অনুযায়ী পণ্য বেছে নিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শেলটেক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তানভীর আহমেদ বলেন, প্রতিটি নতুন এক্সপেরিয়েন্স সেন্টারের মাধ্যমে গ্রাহকদের চাহিদা ও পছন্দ সম্পর্কে আরও কাছ থেকে জানার সুযোগ তৈরি হয়। বনশ্রী ঢাকার গুরুত্বপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকায় পরিণত হওয়ায় এখানকার গ্রাহকদের কাছে শেলটেক সিরামিকসের পণ্য সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই নতুন সেন্টারটি চালু করা হয়েছে।
শেলটেক সিরামিকস জানিয়েছে, নতুন এক্সপেরিয়েন্স সেন্টারটি বনশ্রীর মূল সড়কে অবস্থিত ১৭ তলা শেলটেক সিরামিকস প্লাজার অংশ। ভবনটির অবস্থান থেকে গুলশান, রামপুরা ও হাতিরঝিলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সহজে যাতায়াত করা যায়।
নতুন সেন্টারে শুধু পণ্য প্রদর্শনের পরিবর্তে বিভিন্ন টাইলস ও সারফেস একসঙ্গে ব্যবহারের সম্ভাব্য সমন্বয়ও দেখানো হয়েছে। ফলে বাড়ির মালিকদের পাশাপাশি স্থপতি, ডিজাইনার ও বিভিন্ন নির্মাণ প্রকল্পের সঙ্গে যুক্ত পেশাজীবীরা পণ্যগুলোর ব্যবহারিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন।
এর আগে তেজগাঁও ও হাতিরপুলে শেলটেক সিরামিকসের দুটি এক্সপেরিয়েন্স সেন্টার চালু করা হয়েছে। বনশ্রীতে নতুন কেন্দ্র চালুর মাধ্যমে রাজধানীতে গ্রাহকদের জন্য প্রতিষ্ঠানটির সরাসরি পণ্য প্রদর্শন ও পরামর্শসেবার পরিধি আরও বাড়ল।