
রাজধানীর বনানীতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাখালী থেকে গাজীপুরগামী ভুঁইয়া পরিবহনের একটি বাস বনানী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি ফুটওভার ব্রিজে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বাসযাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।