.jpg)
বনানী থেকে কুড়িল বিশ্বরোডের দিকে যাওয়ার পথে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর কুর্মিটোলায় এ বিস্ফোরণে গাড়িচালক কনস্টেবল মো. এনামুল আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে আর্মি গলফ ক্লাবের সামনে থাকা পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে গাড়ির চালকের আসনে থাকা পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।
ওসি আরও জানান, আহত পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
পুলিশের একাধিক সূত্র জানায়, বনানীর দিক থেকে ৭০-৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে এর মধ্য থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ক্যান্টনমেন্ট থানা পুলিশের ‘গলফ ক্লাব-৮৩’ নামে দায়িত্বে থাকা টহল গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়েন।
বিস্ফোরণে গাড়িচালক কনস্টেবল মো. এনামুলের বাম চোখে সামান্য আঘাত লাগে। তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।