
যৌন হয়রানি ও অ্যাকাডেমিক দুর্নীতির অভিযোগের তদন্ত শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমারকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।
উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম জানান, অধ্যাপক প্রভাস কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য দুটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটিগুলোর দেওয়া প্রতিবেদন পর্যালোচনার পর সিন্ডিকেট সভায় তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, প্রভাস কুমারের বিরুদ্ধে নারী হয়রানি ও প্রশ্ন ফাঁসের অভিযোগ ছিল। অভিযোগগুলো যাচাই করতে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলের মাধ্যমেও বিষয়টি তদন্ত করা হয়েছে।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অধ্যাপক প্রভাস কুমারকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে গত ১৩ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত বছরের ৪ আগস্ট অধ্যাপক প্রভাস কুমারের বিরুদ্ধে নিজ বিভাগের এক ছাত্রীকে চেম্বারে ডেকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি কুরুচিপূর্ণ প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনার পর একই বছরের ১৩ আগস্ট বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন ওই শিক্ষার্থীর মা।
পরবর্তীতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বিষয়টি তদন্ত করে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও অভিযোগের ওপর অধিকতর তদন্ত চালানো হয়।
শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে গত বছরের ৯ সেপ্টেম্বর অধ্যাপক প্রভাস কুমারকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল। তদন্ত প্রক্রিয়া শেষে এবার তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।