
মানিকগঞ্জের শিবালয়ে যাত্রীবাহী বাস থেকে চাঁদা তোলার অভিযোগে এক যুবদল নেতাকে হাতেনাতে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের উথুলী পাটুরিয়া সংযোগ মোড়ে অভিযান চালিয়ে সাড়ে ১৫’শ টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তির নাম সুব্রত কুমার বিশ্বাস ওরফে শুভ। তিনি উথুলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক এবং একই ইউনিয়নের বেলতা গ্রামের মৃত নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে। এ ঘটনায় সেলফি পরিবহনের লাইনম্যান মিজানুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।
পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, সোমবার সকালে উথুলী পাটুরিয়া সংযোগ মোড়ে প্রতিদিনের মতো দায়িত্ব পালন করছিলেন সেলফি পরিবহনের লাইনম্যান মিজানুর রহমান। এ সময় সুব্রত বিশ্বাসসহ তিন থেকে চারজন অজ্ঞাত ব্যক্তি সেখানে এসে বাস কাউন্টারের প্রয়োজনীয় কাগজপত্র জোর করে নিয়ে নেয়। পরে তারা মিজানুরকে জানায়, সেখানে তার আর ডিউটি করার প্রয়োজন নেই এবং তাকে সরে যেতে বলে।
এরপর সুব্রত ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা প্রতি সেলফি পরিবহনের বাস থেকে ৩০ টাকা করে চাঁদা আদায় শুরু করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে কোম্পানির ম্যানেজারকে জানান লাইনম্যান মিজানুর। কোম্পানির পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হলে মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে সুব্রতকে আটক করে। তবে তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।
সেলফি পরিবহন প্রাইভেট লিমিটেডের ম্যানেজার মো. সবুর খান বলেন, "ঢাকা-আরিচা মহাসড়কে দেড়শতাধিক সেলফি পরিবহনের বাস চলাচল করে থাকে। আমি সুব্রতদের মোবাইল ফোনে অনুরোধ করেছি এমনটা না করার জন্য। তারা উল্টো আমার কোম্পানির লাইনম্যান ও আমার সাথে বাজে ব্যবহার করেছে। আর প্রতি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা তুলেছে। পরে বাধ্য হয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়।"
উথুলী ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. মনিরুজ্জামান সরকার টুটুল বলেন, "চাঁদাবাজির বিষয়টি আমি পুলিশের মাধ্যমে অবগত হয়েছি। সুব্রত কুমার বিশ্বাস আমার কমিটির যুগ্ম-আহবায়ক হিসাবে দায়িত্বে রয়েছেন। আমি এবং আমার দল কোনোভাবেই চাঁদাবাজিকে সর্মথন করি না। এ ঘটনায় আমার উপজেলা ও জেলার নেতাদের সাথে আলোচনা করে তদন্তপূর্বক তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবো।"
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, "বাসে চাঁদা তোলার অভিযোগে সুব্রত বিশ্বাস নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেলফি পরিবহনের লাইনম্যান মিজানুর রহমান তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। আসামীকে আগামীকাল সকালে আদালতে প্রেরণ করা হবে।"