
দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন গতি আনতে ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ক্ষেত্রে শুল্ক ৫০ শতাংশ কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনতে সম্মত হয়েছেন।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রতিবন্ধকতা হ্রাস, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা এবং যুক্তরাষ্ট্র ও সম্ভাব্য ভেনিজুয়েলা থেকে জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নেওয়ায় এই শুল্ক ছাড় দেওয়া হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “প্রধানমন্ত্রী মোদীর প্রতি বন্ধুত্ব ও শ্রদ্ধা এবং তার অনুরোধের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে কার্যকর একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছি।” তিনি আরও জানান, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ নির্ধারণ করবে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, নরেন্দ্র মোদি ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মার্কিন জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও অন্যান্য পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছেন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ২৫ শতাংশ পারস্পারিক শুল্কের পাশাপাশি রাশিয়ান তেল কেনার শাস্তিস্বরূপ সকল আমদানির ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে, ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর নরেন্দ্র মোদি নিজের টুইটারে লিখেছেন, “আজ আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলতে পেরে দারুণ লাগছে। আমি খুবই আনন্দিত যে ভারতে তৈরি পণ্যের উপর শুল্ক কমিয়ে ১৮% করা হয়েছে।”
উল্লেখ্য, গত বছরের আগস্টের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন, যা পরে আরও বাড়ানো হয়। সে সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে ‘অনুপযুক্ত, উসকানিমূলক ও অযৌক্তিক’ বলে অভিহিত করেছিল।