
জাতীয় বেতন কমিশন-২০২৫-এর সুপারিশকৃত নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ভোলার তজুমদ্দিনে স্বাস্থ্যকর্মীরা। ১ ফেব্রুয়ারি রবিবার থেকে ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা হতে বেলা ১১টা পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মচারী এবং কর্মরত নার্সরা।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল রাষ্ট্র ও সমাজ থেকে বৈষম্য দূর করে ইনসাফের দেশ গড়া। তবে জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত নবম পে স্কেল এখনও বাস্তবায়িত না হওয়ায় রাষ্ট্র ও সমাজে বৈষম্যের ঘনঘটা দেখা দিচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় সেই বৈষম্য এখনো বহাল রয়েছে। তাই দ্রুত সময়ে প্রজ্ঞাপন জারি করে পে স্কেল বাস্তবায়ন করে রাষ্ট্র ও সমাজ থেকে বৈষম্য চিরতরে দূর করার দাবি জানান বক্তারা। সেই সঙ্গে আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে প্রজ্ঞাপন জারি না করা হলে যমুনা অভিমুখে ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি থেকে।