
রাজশাহীর পবা উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে অনলাইনভিত্তিক আম বিক্রয় প্রতিষ্ঠান ‘ম্যাংগো লাভার’-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের দুই কর্মচারী আহত হয়েছেন। ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা অফিস থেকে নগদ ১৫ লাখ টাকারও বেশি নিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দিনগত রাতে উপজেলার নওহাটা কলেজ মোড়ে অবস্থিত ওয়ালটন শোরুমের চতুর্থ তলায় থাকা ‘ম্যাংগো লাভার’-এর কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটির মালিক পুষ্টিবিদ মুরাদ পারভেজ, যিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) খাদ্য প্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী।
মুরাদ পারভেজ অভিযোগ করেন, সাবেক কমিশনার পারভেজ ও তার সহযোগীরা কার্যালয়ে হামলা চালিয়ে কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করেছে। পাশাপাশি অফিস থেকে ১৫ লাখ টাকার বেশি নগদ অর্থ নিয়ে গেছে বলেও দাবি করেন তিনি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাসেল ও আশিক নামে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার রাতে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে ‘ম্যাংগো লাভার’-এর কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা অফিসের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ভাঙচুর করে।
এ সময় অফিসে দায়িত্বরত কর্মচারী সাকিব ও তামিম বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে মারধরের ফলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায়। আহত দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীদের দাবি, হামলায় তাদের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে।
ঘটনার খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি। স্থানীয় সূত্র জানিয়েছে, ভুক্তভোগী পক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।