
বরিশালের মেহেন্দীগঞ্জে বজ্রপাতের বিকট শব্দে দুটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ মোট ১৬ জন অসুস্থ হয়ে পড়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর থেকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চরএককরিয়া ইউনিয়নের দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয় ও আলীমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে আকস্মিক বজ্রপাতের শব্দে এই ঘটনা ঘটে। এতে একজন শিক্ষক ও ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে আটজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, বাকিরা প্রাথমিক চিকিৎসা নেন।
দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, দুপুর সোয়া দুইটার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ধর্মীয় শিক্ষক ফারুকুল ইসলামসহ কয়েকজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে নেওয়া হয়।
অসুস্থদের মধ্যে সপ্তম থেকে নবম শ্রেণির একাধিক শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে। একই সময় পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়েও বজ্রপাতের শব্দে আরও আট শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়া কেউ গুরুতর অবস্থায় নেই এবং প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থার উন্নতি হয়েছে। তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষকরা। বুধবার উপজেলার বেশ কয়েকটি বিদ্যালয়ে উপস্থিতি স্বাভাবিকের তুলনায় অনেক কম দেখা গেছে। কিছু বিদ্যালয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা অর্ধেকেরও নিচে নেমে আসে।
শিক্ষকরা জানান, বজ্রপাতের ভয় ও চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শিক্ষার্থীরা স্কুলে আসতে অনীহা দেখাচ্ছে। তারা শিক্ষার্থীদের মানসিকভাবে স্বস্তি দিতে ক্লাসে সতর্কতামূলক নির্দেশনা দিচ্ছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পর থেকে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।