
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে নিজের দলের এক কর্মীকে থাপ্পড় মারেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বুধবার (৮ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, গত রোববার বারুইপুরে এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার হাইকোর্টের অনুমতি নিয়ে কালীঘাট তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হওয়ার পর হাজরা এলাকায় অপর একটি মিছিলের মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় স্লোগান-পাল্টা স্লোগান এবং হাতাহাতির ঘটনাও ঘটে।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তাদের মিছিলে অন্য পক্ষ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যা আদালতের নির্দেশনার লঙ্ঘন।
পরে আহত ও অসুস্থ কর্মীদের দেখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের সামনে দলীয় নেতাকর্মীরা জড়ো হলে সেখানে ব্যাপক ভিড়ের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি নিজেই বাসভবন থেকে বেরিয়ে আসেন এবং উপস্থিত ব্যক্তিদের সরে যেতে অনুরোধ করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা চলাকালে একপর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় কমলা রঙের টি-শার্ট পরা এক ব্যক্তির গালে থাপ্পড় মারেন। পরে আরও কয়েকজন কর্মীর পিঠেও তাকে আঘাত করতে দেখা যায়। স্থানীয় সূত্রের দাবি, ওই ব্যক্তি তৃণমূল কংগ্রেসেরই একজন কর্মী ছিলেন।
তবে ঠিক কী কারণে মমতা এভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।