
রাজধানীর মিরপুরে একটি বস্তিতে উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ সময় বস্তিবাসীর হামলা থেকে প্রাণে বাঁচতে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়েছেন তারা।
বুধবার (২০ মে) দুপুরে বাউনিয়াবাঁধ এলাকার বস্তি উচ্ছেদে যায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় হামলা চালায় স্থানীয় বস্তিবাসী। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ পুলিশের অন্তত ৭ সদস্য।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার বলেন, অভিযান শুরুর পরপরই স্থানীয়রা একজোট হয়ে বাধা দেয়। একপর্যায়ে ম্যাজিস্ট্রেট ও পুলিশকে লক্ষ্য করে চারপাশ থেকে বৃষ্টির মতো ইটপাটকেল ছোড়া হয়। আচমকা ওই হামলায় বাহিনীর ২ নারী সদস্যসহ সাতজন আহত হন। তাদেরকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের দাবি, ওই এলাকায় প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের বসবাস। কোনো নোটিশ ছাড়াই তাদের ঘর ভাঙা শুরু করেছে প্রশাসন।
এ ছাড়া এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, অভিযানের একপর্যায়ে বস্তিবাসীরা ক্ষুব্ধ হয়ে একযোগে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় প্রাণে বাঁচতে দৌড়াতে থাকেন অভিযানে আসা পুলিশ সদস্যরা। তাদের পেছনে ধাওয়া করে ছুটতে দেখা যায় বস্তিবাসীকে।