
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রবাসী অধ্যুষিত বাণিজ্যিক এলাকা কোতারায়ায় সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির যৌথ বাহিনী।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে পরিচালিত এ অভিযানে প্রায় ২ হাজার ৫০০ বিদেশি নাগরিকের নথিপত্র যাচাই করা হয়। বেআইনিভাবে ব্যবসা পরিচালনা, অনাকাঙ্ক্ষিত জনসমাগম এবং বৈধ কাগজপত্র না থাকার মতো বিভিন্ন অভিযোগে তাদের আটক করা হয়।
কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক হামশাহ ইনজাউ জানান, অভিবাসন বিভাগ, সিটি করপোরেশন (ডিবিকেএল), ফায়ার সার্ভিস, জাতীয় নিবন্ধন বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত ৩৩৭ সদস্যের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
তিনি জানান, যাচাই-বাছাই শেষে আটক ৪৭২ জনের বয়স ১৮ থেকে ৬২ বছরের মধ্যে। তাদের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী। বাংলাদেশি ৩৬৪ জন ছাড়াও আটক ব্যক্তিদের মধ্যে মিয়ানমারের ৫৭ জন, ফিলিপাইনের ৯ জন, নেপাল, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের ৭ জন করে, ভারতের ৬ জন, চীনের ৩ জন এবং জিম্বাবুয়ে ও সৌদি আরবের একজন করে নাগরিক রয়েছেন।
অভিবাসন বিভাগ জানায়, অভিযানে যাচাই করা অধিকাংশ বিদেশির বৈধ কাগজপত্র থাকলেও নির্দিষ্ট কিছু আইন ও শর্ত লঙ্ঘনের অভিযোগে কয়েকজনকে আটক করা হয়। বিশেষ করে বৈধ অনুমতি ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে ডিবিকেএল পৃথক আইনি ব্যবস্থা নেবে।
আটক ব্যক্তিদের প্রাথমিক প্রক্রিয়া শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা ও অধিকতর তদন্তের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে।
এদিকে অবৈধভাবে বসবাসরত বিদেশিদের সতর্ক করে হামশাহ ইনজাউ বলেন, অনিয়মিত অভিবাসী ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরতদের দেশটির ‘মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম’ (পিআরএম) এর সুযোগ নিয়ে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।