
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা মানেই ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা। অভিনয়ের ব্যস্ততা থেকে সাময়িক বিরতি নিয়ে বর্তমানে মালদ্বীপের মনোরম সমুদ্রসৈকতে অবসর সময় কাটাচ্ছেন এই তারকা।
রোববার (২০ সেপ্টেম্বর) মালদ্বীপে অবকাশযাপনের বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন নয়নতারা। ছবিগুলো প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে।
ছবিতে রোদঝলমলে দিনে সমুদ্রসৈকতের বালুর ওপর হালকা হলুদ রঙের পোশাকে হাঁটতে দেখা যায় অভিনেত্রীকে। চোখে স্টাইলিশ সানগ্লাস, কখনো আবার মাথায় টুপি—ছুটির দিনের স্বচ্ছন্দ লুকে বেশ প্রাণবন্ত দেখা গেছে তাকে।
নয়নতারা ছবিগুলোর লোকেশন হিসেবে মালদ্বীপের উত্তর মালে অ্যাটলে অবস্থিত ফারি দ্বীপপুঞ্জের বিলাসবহুল রিসোর্ট পাতিনা মালদ্বীপকে ট্যাগ করেছেন। অভিনেত্রীর সাজ ও মনোরম প্রাকৃতিক পরিবেশের মেলবন্ধন ভক্তদের কাছ থেকে প্রশংসা কুড়াচ্ছে।
অবকাশযাপনের পাশাপাশি কাজ নিয়েও আলোচনায় রয়েছেন নয়নতারা। সম্প্রতি তাকে বড়পর্দায় দেখা গেছে ‘হাই’ সিনেমায়। বিষ্ণু এদাভান পরিচালিত রোমান্টিক কমেডি ঘরানার এই সিনেমায় তিনি দেবায়ানি চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন কাভিন।
চলচ্চিত্র সমালোচকদের মতে, সিনেমাটি প্রচলিত গল্পের বাইরে খুব নতুন কোনো বিষয় হাজির না করলেও এর নাটকীয় বাঁক ও নানা জটিলতা দর্শকদের বিনোদন দিয়েছে। ময়িল ও দেবায়ানি—দুই ভিন্ন চরিত্রের মানুষের জীবন, বিশৃঙ্খলা ও মিথ্যার জটিলতার মধ্য দিয়ে কীভাবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়, সেটিই সিনেমাটির মূল গল্প।