
মাদারীপুরের একটি গ্রামে ইতালি প্রবাসীর বসতঘরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে টিনশেড ঘরটির বেড়া উড়ে যাওয়ার পাশাপাশি অন্তত দুইজন আহত হয়েছেন। ঘটনার পর সালাউদ্দীন নামে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম পেয়ারপুর গ্রামের ইতালি প্রবাসী রাজ্জাক মোল্লার বাড়িতে এ বিস্ফোরণ ঘটে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ককটেল তৈরির সময়ই বিস্ফোরণটি ঘটে থাকতে পারে।
আটক সালাউদ্দিন গাজী সদর উপজেলার মধ্য পেয়ারপুর গ্রামের মাফেজ গাজীর ছেলে। তিনি সম্পর্কে ইতালি প্রবাসী রাজ্জাক মোল্লার খালাতো ভাই।
বাড়ির পেছনের কক্ষে বিস্ফোরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে রাজ্জাক মোল্লার বাড়ির পেছনের একটি কক্ষে হঠাৎ হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে অন্তত দুইজন আহত হন। বিস্ফোরণের সময় টিনশেড ঘরটির বেড়া উড়ে যায়। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজ্জাক মোল্লার খালাতো ভাই সালাউদ্দিন গাজীকে আটক করে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়।
যা বলছে পুলিশ
পুলিশের প্রাথমিক ধারণা, ইতালি প্রবাসী রাজ্জাক মোল্লার বাড়িতে বসেই হাতবোমা তৈরির কাজ চলছিল। ওই সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করে তাদের গ্রেপ্তারে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ শুরু করেছেন।
হাসপাতালে ভর্তি হননি আহতরা
মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
তিনি জানান, আটক সালাউদ্দিন গাজীকে আদালতে পাঠানো হয়েছে। ককটেল তৈরির সময় বিস্ফোরণটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরও বলেন, বিস্ফোরণে আহত ব্যক্তিরা গ্রেপ্তারের আতঙ্কে এখনো সরকারি হাসপাতালে ভর্তি হননি।