
নাটোরের গুরুদাসপুরে চা ও কফির দাম সমন্বয় করে বাড়িয়েছে স্থানীয় চা ব্যবসায়ী সমবায় সমিতি।
শনিবার (১১ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে এবং দোকানে প্রচারপত্র সাঁটিয়ে নতুন মূল্য নির্ধারণের ঘোষণা দেওয়া হয়। এতে প্রতি কাপ লাল চা ৫ টাকা থেকে বাড়িয়ে ৭ টাকা, ব্ল্যাক কফি ১০ টাকা এবং দুধ চা ও দুধ কফি ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ উদ্যোগ নিয়েছে চা ব্যবসায়ী সমবায় সমিতি, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর।
স্থানীয়দের অভিযোগ, হঠাৎ করে এভাবে দাম বাড়ানোয় ভোগান্তি সৃষ্টি হয়েছে। অনেকেই বলেন, প্রতিদিন একাধিক কাপ চা-কফি পান করেন এমন মানুষদের জন্য এটি অতিরিক্ত চাপ। তারা বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপও দাবি করেছেন।
অন্যদিকে দোকানিরা বলছেন, গ্যাস সিলিন্ডার, চা পাতা, চিনি ও অন্যান্য নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় খরচ সামলাতে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মতে, পরিস্থিতি স্বাভাবিক হলে দাম পুনরায় সমন্বয় করা হতে পারে।