
ভারতের ভিসা আবেদন প্রক্রিয়ায় অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। আবেদনকারীদের জন্য স্লট প্রকাশ, ওয়েবফাইল আপলোড এবং মেডিকেল ভিসা ব্যবহারের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১৫ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আইভ্যাক জানায়, পরবর্তী কার্যদিবসের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের কার্যদিবসেই প্রকাশ করা হবে।
নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আবেদনকারীরা সাইন-আপ ও ওয়েবফাইল আপলোড করতে পারবেন। যাদের ওয়েবফাইল সফলভাবে আপলোড হবে, তারা বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুযোগ পাবেন।
আইভ্যাক আরও জানায়, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ কপি হতে হবে এবং সেটি ৩০ দিনের বেশি পুরোনো হওয়া যাবে না। পরিবর্তিত, সম্পাদিত বা বিকৃত কোনো ফাইল গ্রহণ করা হবে না।
মেডিকেল ভিসার ক্ষেত্রে আবেদনকারীদের জন্য আলাদা নির্দেশনাও দেওয়া হয়েছে। আইভ্যাক বলেছে, যে হাসপাতালের জন্য মেডিকেল ভিসা ইস্যু করা হয়েছে, চিকিৎসার জন্য আবেদনকারীকে সেই হাসপাতালেই যেতে হবে।
হাসপাতাল পরিবর্তনের প্রয়োজন হলে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) অনুমোদন নিতে হবে। আইভ্যাকের ভাষ্য, এফআরআরওর অনুমতি ছাড়া হাসপাতাল পরিবর্তন করলে তা ভিসা বিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং ভবিষ্যতে ভারতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।