
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর বহর সম্প্রসারণের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত-এর সঙ্গে সাক্ষাৎ করেন বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিঘি। এসময় সম্ভাব্য লিজ চুক্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বোয়িংয়ের পক্ষ থেকে বিশেষ করে ন্যারো-বডি এয়ারক্রাফট—বিশেষত বি৭৩৭ সিরিজ—লিজ দেওয়ার আগ্রহের কথা জানানো হয়। দেশের বর্তমান চাহিদা পূরণ এবং দ্রুত বহর সক্ষমতা বাড়াতে এই ধরনের উড়োজাহাজকে উপযোগী হিসেবে দেখা হচ্ছে।
মন্ত্রী আফরোজা খানম লিজ কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, বহর আধুনিকায়নের অংশ হিসেবে সরকার ইতোমধ্যে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চূড়ান্ত করার দিকে এগোচ্ছে। পরিকল্পনা অনুযায়ী প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবরে সরবরাহ পাওয়ার কথা রয়েছে এবং বাকিগুলো ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে ডেলিভারি সম্পন্ন হবে।
তবে সরবরাহে সম্ভাব্য বিলম্ব (প্রায় পাঁচ বছর) মোকাবেলায় অন্তর্বর্তী সমাধান হিসেবে উড়োজাহাজ লিজ নেওয়ার দিকেই ঝুঁকছে বাংলাদেশ। এতে স্বল্প সময়ে ফ্লাইট সক্ষমতা বাড়ানো সম্ভব হবে এবং যাত্রী চাহিদা পূরণেও সহায়ক হবে।