
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৫৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একই সঙ্গে চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম তিন দিনেই দেশে ৪০৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮৪ দশমিক ৪ শতাংশ বেশি।
মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬,৫৯২ দশমিক ৬৮ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৬ দশমিক ৫৯ বিলিয়ন ডলার।
অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩১,৭৭৬ দশমিক ২৭ মিলিয়ন মার্কিন ডলার বা ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্ট মাসের প্রথম তিন দিন (১–৩ আগস্ট) দেশে মোট ৪০৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২২০ মিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ ৮৪ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
শুধু ৩ আগস্ট একদিনেই দেশে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
চলতি অর্থবছরের শুরু থেকে ৩ আগস্ট পর্যন্ত (জুলাই–৩ আগস্ট) দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ২৬৫ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ২০ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও প্রবাসী আয়—উভয় সূচকেই ইতিবাচক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক লেনদেন এবং সামষ্টিক অর্থনীতির জন্য স্বস্তির বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।