
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৫ জুন) দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে শিগগিরই সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে একটি প্রত্যর্পণ অনুরোধপত্র পাঠানো হবে।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আরব আমিরাত সরকারের কাছে চিঠিটি পাঠানো হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত ও অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে, গত ১২ জুন দুদকের মামলার ভিত্তিতে ইন্টারপোলের রেড নোটিশ অনুসরণ করে দুবাই পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করে। জানা গেছে, তিনি লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রাকালে দুবাই ট্রানজিটে আটক হন।
গ্রেপ্তারের পর সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন (Extradition Request) পাঠানোর আহ্বান জানিয়েছে। দেশটি জানিয়েছে, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে এবং পরবর্তী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।