
ফিফা ২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি ও অংশগ্রহণ ফি বাড়ানোর বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত সিদ্ধান্ত কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিতব্য ফিফা কাউন্সিলের বৈঠকে অনুমোদিত হওয়ার কথা রয়েছে।
বিভিন্ন জাতীয় ফুটবল সংস্থা অভিযোগ করেছিল, বিশেষ করে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের কারণে ভ্রমণ, পরিচালন ব্যয় ও করের চাপ অনেক বেশি। এতে টুর্নামেন্টে অংশ নিয়ে ভালো ফল করলেও আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। এসব উদ্বেগের পরিপ্রেক্ষিতে প্রাইজমানি বাড়ানোর সিদ্ধান্ত নেয় ফিফা।
এর আগে গত ডিসেম্বরে রেকর্ড ৭২ কোটি ৭০ লাখ ডলারের প্রাইজমানি ঘোষণা করা হয়েছিল। সেখানে ৪৮টি অংশগ্রহণকারী দলের প্রতিটি ন্যূনতম ১ কোটি ৫০ লাখ ডলার পাবে এবং চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি ডলার।
তবে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনার পর এই অর্থের পরিমাণ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ফিফার এক মুখপাত্র জানান, বিশ্বজুড়ে বিভিন্ন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা চলছে, যাতে অংশগ্রহণকারী দলগুলোর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করা যায়।
এছাড়া ফিফার ২১১টি সদস্য দেশের জন্য উন্নয়ন তহবিল বাড়ানোর প্রস্তাবও বিবেচনায় রয়েছে। সংস্থাটি জানিয়েছে, আসন্ন বিশ্বকাপ বৈশ্বিক ফুটবল অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।
ফিফা আরও বলেছে, তাদের “ফরোয়ার্ড” কর্মসূচির মাধ্যমে বিশ্ব ফুটবলের উন্নয়নে তারা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী আর্থিক অবস্থানে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে।