
এশিয়া কাপের শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আফগানিস্তানের দেওয়া ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৫.৫ ওভারেই মাত্র ১১৮ রান করে অলআউট হয়েছে যুবা টাইগাররা। ফলে ১১৩ রানের বড় ব্যবধানে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে আফগানিস্তান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভারের আগেই ৪৯ ওভারে সব উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করে দলটি।
আফগানিস্তানের ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন শাহ ফয়সাল রহিমি। ৯৭ বলের মোকাবিলায় ৮টি চার ও একটি ছক্কায় ৮৩ রান করেন তিনি। দলের পক্ষে তাহির সারওয়ার ৪৩ বলে ৩৭ এবং নোমান সালারজাই ১৯ বলে ১৬ রান যোগ করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে তাফিউল আলম তামিম সবচেয়ে সফল ছিলেন। ৪১ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি।
জয়ের জন্য ২৩২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মাত্র ২৭ রান তুলতেই পাঁচ ব্যাটার সাজঘরে ফিরে যান। এতে শুরুতেই ম্যাচ থেকে অনেকটা ছিটকে পড়ে দলটি।
এ অবস্থায় একপ্রান্ত আগলে রেখে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন এসকে জারিফ সিয়াম। ৫৮ বলে ছয়টি চারের সাহায্যে ৪১ রান করেন তিনি। তাঁকে কিছুটা সঙ্গ দেন রবিউল হাসান অনিক ও রুবায় ইসলাম রিজন। অনিক ৪৭ বলে ৩৩ এবং রিজন মাত্র ১৪ বলে ২১ রান করেন।
তবে তাঁদের এই প্রচেষ্টা জয়ের জন্য যথেষ্ট ছিল না। অন্য ব্যাটারদের ব্যর্থতায় ২৫.৫ ওভারেই ১১৮ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। তাতে ১১৩ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান।