
আসন্ন বিশ্বকাপ ফুটবল আসরের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। আজ মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। ফলে দেশের দর্শকেরা এবার বিনামূল্যে সরকারি চ্যানেলের মাধ্যমে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন।
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসর শুরু হচ্ছে ১১ জুন। শুরু থেকেই বাংলাদেশে টুর্নামেন্ট সম্প্রচারের স্বত্ব নিয়ে জটিলতা তৈরি হয়। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক পিটিই লিমিটেড বাংলাদেশে সম্প্রচারস্বত্ব নিয়েছিল এবং স্থানীয়ভাবে তা বিক্রির পরিকল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান সেই স্বত্ব কিনতে এগিয়ে না আসায় চুক্তিটি কার্যকর হয়নি।
পরবর্তীতে সম্প্রচারস্বত্ব বিক্রি করতে ব্যর্থ হয়ে সেটি ছেড়ে দেয় সংশ্লিষ্ট সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠানটি। এতে বাংলাদেশের জন্য বিশ্বকাপ সম্প্রচারের অনিশ্চয়তা তৈরি হয়।
এই পরিস্থিতিতে সরকার সরাসরি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আলোচনা শুরু করে। সরকারি পর্যায়ে একাধিক দফা আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত বিনামূল্যে সম্প্রচারস্বত্ব পাওয়ার বিষয়ে অগ্রগতি হয় বলে জানা যায়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শকদের জন্য সহজলভ্যভাবে বিশ্বকাপ দেখার সুযোগ নিশ্চিত করতেই বিটিভির মাধ্যমে ম্যাচগুলো সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।