
রাজশাহী শাহমখদুম বিমানবন্দরের সীমানাপ্রাচীর সংলগ্ন এলাকা থেকে দুটি শক্তিশালী হ্যান্ড গ্রেনেড উদ্ধারের ঘটনায় নগরীর গুরুত্বপূর্ণ সব স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে ঘটনার চার দিন পার হলেও গ্রেনেড দুটি কারা সেখানে রেখেছিল, তা শনাক্ত করতে পারেনি পুলিশ।
গত ১০ নভেম্বর বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রবেশপথের ডান পাশে ফুলগাছের মধ্যে গ্রেনেডসদৃশ দুটি বস্তু দেখতে পান এক পথচারী। পরে তিনি আরএমপির বায়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশকে ফোন করে বিষয়টি জানান। এএসআই পলাশ তাৎক্ষণিকভাবে বিমানবন্দর থানার ওসি রবিউল ইসলামকে অবহিত করেন। নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে শাহমখদুম বিমানবন্দরের প্রধান প্রবেশ ফটক বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে। এ সময় বিমানবন্দরের ভেতরে অবস্থানরত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে গ্রেনেড উদ্ধারের কয়েক মিনিট আগে জ্বালানি, বিদ্যুৎ ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তার সফরসঙ্গী কর্মকর্তারা বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে অবতরণ করেন। কিছুক্ষণ অপেক্ষার পর বিকল্প পথ ব্যবহার করে মন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিরাপদে বিমানবন্দর থেকে বাইরে নিয়ে যাওয়া হয়। ওই দিন বিকেলে বোমা নিষ্ক্রিয়করণ দল রাজশাহীর পবা উপজেলার পাকুড়িয়া বিলের মধ্যে উদ্ধার করা দুটি গ্রেনেড নিষ্ক্রিয় করে। পরে ফরেনসিক পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করে দলটি।
বিমানবন্দরের মতো কেপিআই বা স্পর্শকাতর স্থাপনার এলাকায় বিধ্বংসী অস্ত্র গ্রেনেড উদ্ধারের ঘটনার চার দিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি। বিমানবন্দরের সীমানাপ্রাচীর ঘেঁষা ফুলবাগানে কারা গ্রেনেড দুটি রেখেছিল, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। সর্বশেষ রাজশাহী-নওগাঁ মহাসড়ক সংলগ্ন ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খুঁজছে পুলিশ।
তবে রাজশাহী মহানগরীতে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হলেও ঘটনাস্থলটি কোনো সিসিটিভি ক্যামেরার আওতায় ছিল না বলে জানা গেছে। বিমানবন্দরের পাশের ব্যস্ত মহাসড়ক দিয়ে দিনরাত বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। পুলিশের প্রাথমিক ধারণা, এই সুযোগ কাজে লাগিয়ে নাশকতা ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কেউ বিমানবন্দরের সীমানাপ্রাচীরের বাইরে ফুলগাছের মধ্যে গ্রেনেড দুটি রেখে থাকতে পারে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার দিন রাতেই বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহ হাকাম বাদী হয়ে আরএমপির এয়ারপোর্ট থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। তবে মামলায় কাউকে আসামি করা হয়নি।
এজাহারে আসামিদের অজ্ঞাতপরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলাটির তদন্ত করছেন আরএমপির এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুল ইসলাম। গত শুক্রবার তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষের একজন নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেছেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থলটি মহাসড়ক সংলগ্ন বিমানবন্দরের সীমানাপ্রাচীর ঘেঁষা ফুলগাছের মধ্যে। বিমানবন্দরের পশ্চিম প্রান্তে মহাসড়কের বিপরীত পাশে ছোটখাটো কয়েকটি দোকান রয়েছে। সেসব দোকানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। অন্যদিকে, বিমানবন্দরের ভেতরে নিরাপত্তা তল্লাশি ফটকের ওপরে সিসিটিভি ক্যামেরা থাকলেও সেখান থেকে ঘটনাস্থলের স্পষ্ট কোনো ভিডিওচিত্র পাওয়া যাচ্ছে না।
তদন্ত কর্মকর্তা বলেন, ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ফরেনসিক প্রতিবেদন পাওয়া গেলে গ্রেনেডগুলোর বিধ্বংসী ক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।
অন্যদিকে, রাজশাহী শাহমখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক (উপপরিচালক পদমর্যাদা)