
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ ও দ্বাদশ আসর ঘিরে ফিক্সিং ও দুর্নীতির অভিযোগের তদন্তে নতুন করে আরও দুই কর্মকর্তাকে অভিযুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে অভিযোগের প্রক্রিয়া চলমান থাকায় তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অভিযুক্ত দুই কর্মকর্তা
আইসিসি অ্যান্টি-করাপশন কোড ফর পার্টিসিপ্যান্টসের একাধিক ধারা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত দুজন হলেন মোঃ আব্দুল কাইয়ুম রাশেদ এবং মোঃ আমিন খান।
আব্দুল কাইয়ুম রাশেদ বিপিএলের দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালসের মালিক হিসেবে দায়িত্বে ছিলেন। অন্যদিকে মোঃ আমিন খান একাদশ আসরে দুর্বার রাজশাহী এবং দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালসের টিম অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করেন। তার পদ ছিল অপারেশন-ম্যানেজার।
যে অভিযোগ আনা হয়েছে
বিসিবি জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইন্টিগ্রিটি ইউনিটের পরিচালিত তদন্তের ভিত্তিতেই ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
সংস্থাটির বিজ্ঞপ্তি অনুযায়ী, বিপিএলের একাদশ ও দ্বাদশ আসরকে কেন্দ্র করে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এর পাশাপাশি দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য প্রকাশ না করা, দুর্নীতিবিরোধী তদন্তে সহযোগিতা না করা এবং তদন্তের কাজে বাধা দেওয়া বা বিলম্ব ঘটানোর অভিযোগও রয়েছে।
রাশেদের বিরুদ্ধে চার ধারায় অভিযোগ
আব্দুল কাইয়ুম রাশেদের বিরুদ্ধে আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালার ২.১.১, ২.৪.৪, ২.৪.৬ ও ২.৪.৭ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
এর মধ্যে অনৈতিক উপায়ে ম্যাচের ফলাফল প্রভাবিত করার চেষ্টা, দুর্নীতির প্রস্তাব পাওয়ার বিষয়টি দুর্নীতি দমন কর্মকর্তাকে অবহিত না করা এবং তদন্তে অসহযোগিতার অভিযোগ রয়েছে।
আমিন খানের বিরুদ্ধেও চার ধারা
মোঃ আমিন খানের বিরুদ্ধে ২.১.১, ২.১.৪, ২.৪.৬ ও ২.৪.৭ ধারা ভঙ্গের অভিযোগ করা হয়েছে।
বিসিবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ম্যাচের ফলাফল প্রভাবিত করা, দুর্নীতিতে প্ররোচনা দেওয়া, তদন্তে সহযোগিতা না করা এবং প্রমাণাদি ধ্বংস করা বা তদন্তে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বিসিবি জানিয়েছে, দুই অভিযুক্তকেই কারণ দর্শানোর জন্য ১৪ দিনের সময় দেওয়া হয়েছে।
শৃঙ্খলাভঙ্গের এই প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। এ কারণে বিষয়টি নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য না করার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।