
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জাতীয় গ্রিডে যান্ত্রিক সমস্যার কারণে বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুর আড়াইটা থেকে নর্থ এবং ইস্ট ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) মোহা. আব্দুল মজিদ জানান, কেন্দ্রের মোট পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে তিনটি ইউনিট সচল রয়েছে। তিনি বলেন, "দুপুরে হঠাৎ করে জাতীয় গ্রিড লাইনে ত্রুটি দেখা দিলে গ্রিড লাইনে সংযুক্ত ৪৫০ মেগাওয়াট নর্থ এবং ৪০০ মেগাওয়াট ইস্ট ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।"
তিনি আরও জানান, কারিগরি দল ইতোমধ্যে ইউনিটগুলো পুনরায় চালুর কাজ শুরু করেছে। ৪৫০ মেগাওয়াট নর্থ ইউনিটটি ঘণ্টাখানেকের মধ্যে চালুর চেষ্টা করা হচ্ছে। তবে ৪০০ মেগাওয়াট ইস্ট ইউনিটের সমস্যা সমাধানের জন্য জার্মানিতে যোগাযোগ করা হচ্ছে এবং এটি চালু করতে কমপক্ষে তিন দিন সময় লাগবে।