
ভয়ংকর মাদক ক্রিস্টাল আইস তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল বহনের অভিযোগে এক তরুণীকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া তরুণীর নাম শাপলা খাতুন স্বপ্না (২৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে।
ডিবি পুলিশ সূত্র জানায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি বাসে মাদকদ্রব্য বহন করা হচ্ছে এমন তথ্য পেয়ে তারা নজরদারি শুরু করে। সেই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ডিবির একটি দল যশোরের মণিহার বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। কিছুক্ষণ পর চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাস স্ট্যান্ডে পৌঁছালে সেটিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় বাসের লাগেজ বক্স থেকে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে থাকা তিনটি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেট বহনের অভিযোগে শাপলা খাতুন স্বপ্নাকে আটক করা হয়।
যশোর ডিবি পুলিশের এসআই অলোক কুমার দে জানান, প্রথমে উদ্ধার হওয়া প্যাকেটগুলোর ভেতরে কী ধরনের দ্রব্য রয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পরে বস্তাসহ আটক তরুণীকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনটি প্যাকেট খুলে দেখা যায় ভেতরে ছোট ছোট আরও ২৫টি প্যাকেট রয়েছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপ্না কোনো তথ্য দেননি। পরে প্রায় ১৮ ঘণ্টার জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন, উদ্ধার করা দ্রব্যগুলো ক্রিস্টাল আইস তৈরির কাঁচামাল। যার মধ্যে ২৫ কেজি এফিড্রিন বা সিউডোএফিড্রিন এবং ছয় লিটার পিউরিফাইড অ্যাসিড (হাইড্রোক্লোরিক অ্যাসিড) রয়েছে।
পুলিশকে স্বপ্না জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার আজমল হোসেন লাল্টু নামে এক ব্যক্তি তাকে এসব মালামাল চট্টগ্রামের অলংকার মোড়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেন। এর বিনিময়ে তাকে ৬০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
এসআই অলোক কুমার দে আরও জানান, এ ঘটনায় শাপলা খাতুন স্বপ্না ও আজমল হোসেন লাল্টুর নামে শুক্রবার যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে বিকেলে স্বপ্নাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।