
মোংলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো স্থানীয় বিএনপি নেতা আঃ রাজ্জাক ও তার পরিবারের সদস্যদের জানাজা ও দাফনে নেমে আসে শোকের ছায়া। একই পরিবারের নয়জনকে একসঙ্গে বিদায় জানাতে জড়ো হন অসংখ্য মানুষ, আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।
শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর মোংলা উপজেলা পরিষদ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
বিকেল সোয়া তিনটার দিকে মোংলা পৌর কবরস্থানে দাফন কার্যক্রম শুরু হয়। প্রথমে পরিবারের প্রধান আঃ রাজ্জাকের মরদেহ দাফন করা হয়। এরপর পর্যায়ক্রমে তার পরিবারের অন্য সদস্যদের কবর দেওয়া হয়। এ সময় উপস্থিত স্বজনদের কান্নায় কবরস্থান এলাকা হয়ে ওঠে শোকাভিভূত।
এদিকে একই দুর্ঘটনায় নিহতদের মধ্যে আজ সকালে খুলনার কয়রায় কনের বাড়ির চারজনের দাফন সম্পন্ন হয়েছে। পাশাপাশি বাগেরহাটের রামপালে মাইক্রোবাস চালকের মরদেহও দাফন করা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। পৃথক এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
জানাজায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এছাড়া বাগেরহাট জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
উল্লেখ্য, গত বুধবার ঘটে যাওয়া এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আঃ রাজ্জাক ও তার পরিবারের সদস্যসহ মোট ১৪ জনের মৃত্যু হয়।