
আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর আওতাধীন মনপুরা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের কার্যকরী কমিটির নির্বাচনে প্রার্থী হয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল বাছেত পাটওয়ারী। ৭ সেপ্টেম্বর তিনি সভাপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
আবদুল বাছেত পাটওয়ারীর মনপুরার শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। এছাড়া শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি জাতীয় পর্যায়ে ‘শেরে বাংলা স্মৃতি সম্মাননা পদক-২০২১’ লাভ করেছেন বলে জানা গেছে।
সভাপতি পদে নির্বাচিত হলে তিনি সমিতিকে গতিশীল করার লক্ষ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, ঋণ বিতরণ প্রক্রিয়া সহজীকরণ এবং মৃতপ্রায় সমিতিগুলোকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেবেন। পাশাপাশি আধুনিক কৃষিপ্রযুক্তি ও পশুপালন বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি কুটির শিল্পের ওপর প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সমিতির সদস্য ও ভোটারদের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সভাপতি পদে আবদুল বাছেত পাটওয়ারীর পাশাপাশি বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফরিদ ও বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন (পলাশ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।