
বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকা, বৈধ কাগজপত্র নিশ্চিত করা এবং যানবাহনে যৌন হয়রানির শিকার হলে জরুরি সেবা নেওয়ার আহ্বানের মধ্য দিয়ে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
এ উপলক্ষে চালক ও যাত্রীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করতে বিভিন্ন পরামর্শ দেন বক্তারা। তারা চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং বেপরোয়া ও অতিরিক্ত গতিতে মোটরযান না চালানোর আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, বৈধ ড্রাইভিং লাইসেন্স, নিয়োগপত্র ও হালনাগাদ কাগজপত্র ছাড়া মোটরযান চালানো উচিত নয়। সড়কে দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে চালকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও গুরুত্বারোপ করেন তারা।
যানবাহনে যৌন হয়রানি কিংবা অশালীন মন্তব্যের শিকার হলে যাত্রীদের পরবর্তী স্টপেজে নামার আগেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করার পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া পথচারীদের ফুটপাত ব্যবহার এবং রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং, ফুটওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহারের আহ্বান জানান বক্তারা।
কর্মসূচির অংশ হিসেবে বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন যানবাহন ও যাত্রীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।