
রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে স্বর্ণ গলি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ৯ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত জিপিও লিংক রোডের উভয় পাশের ফুটপাত থেকে হকারদের সরিয়ে দেয়। তবে পরদিনই হকাররা আবার সেখানে দোকান বসালে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
এরই ধারাবাহিকতায় শনিবার বায়তুল মোকাররম স্বর্ণ ব্যবসায়ী সমিতির উদ্যোগে পুনরায় উচ্ছেদ অভিযান শুরু হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের আগেই উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ইত্তেফাককে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।