
শেষ মুহূর্তের উত্তেজনা ছাপিয়ে জয়টা তুলে নিয়েছে বাংলাদেশ। মাত্র ১ পয়েন্টের ব্যবধানে চাইনিজ তাইপেকে হারিয়ে জাপানের নাগোয়ায় চলমান ২০তম এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে পদকের সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সোমবার ‘এ’ গ্রুপের ম্যাচে চাইনিজ তাইপেকে ৪৮-৪৭ পয়েন্টে হারায় বাংলাদেশ জাতীয় কাবাডি দল। ম্যাচজুড়ে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষ পর্যন্ত গড়ায় রোমাঞ্চকর সমাপ্তিতে। শেষ দিকে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রেখে গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে বাংলাদেশ।
ম্যাচের প্রথমার্ধে অবশ্য বেশ স্বস্তিতেই ছিল বাংলাদেশ। বিরতিতে ২৪-২০ পয়েন্টে এগিয়ে ছিল তারা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ফেরে চাইনিজ তাইপে। একপর্যায়ে দুই দলের স্কোর সমান হয়ে যায় ৩৭-৩৭। এরপর প্রতিটি পয়েন্টের জন্য লড়াই আরও তীব্র হয়ে ওঠে।
শেষ মুহূর্তে চাপ সামলে প্রয়োজনীয় পয়েন্ট তুলে নিয়ে ৪৮-৪৭ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এ জয়ের মাধ্যমে গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় পেল লাল-সবুজের দল।
এর আগে দিনের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারিয়েছিল বাংলাদেশ। ফলে দুই ম্যাচে দুই জয় নিয়ে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সংগ্রহ এখন ৪ পয়েন্ট। দলটি রয়েছে গ্রুপের শীর্ষে।
চাইনিজ তাইপের বিপক্ষে এবারের জয়টি বাংলাদেশের জন্য বাড়তি তাৎপর্যেরও। গত এশিয়ান গেমসে এই দলের কাছেই হেরে ব্রোঞ্জ পদকের লড়াই থেকে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। এবার সেই প্রতিপক্ষকেই হারিয়ে পদকের আরও কাছে পৌঁছে গেল তারা।
কাবাডিতে সেমিফাইনালে জায়গা করে নিতে পারলেই অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়। বাংলাদেশের সামনে এখন গ্রুপ পর্বের আরও দুটি ম্যাচ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাগতিক জাপানের মুখোমুখি হবে তারা। ওই ম্যাচে জয় পেলেই কোনো সমীকরণের দিকে তাকাতে হবে না বাংলাদেশকে—নিশ্চিত হবে সেমিফাইনাল ও এশিয়ান গেমসে পদক।
এরপর ২৩ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ফলে শেষ দুই ম্যাচের আগে টানা দুই জয়ে আত্মবিশ্বাসের অবস্থানেই রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।