.jpg)
বাংলাদেশ ক্যারম ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠনকে কেন্দ্র করে দেশের ক্রীড়াঙ্গনে বিতর্ক ও অসন্তোষ তৈরি হয়েছে। কমিটির শীর্ষ পদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিতকে দায়িত্ব দেওয়া এবং তাঁর ব্যক্তিগত সহকারী (এপিএস) মো. আল মামুনসহ ঘনিষ্ঠজনদের গুরুত্বপূর্ণ পদে রাখার ঘটনায় স্বজনপ্রীতি ও ক্ষমতার প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, ফেডারেশনের নেতৃত্বে অভিজ্ঞ ক্রীড়া সংগঠক ও ক্যারমের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ব্যক্তিদের গুরুত্ব না দিয়ে প্রভাবশালী ব্যক্তিদের পছন্দের লোকজনকে বিভিন্ন পদে বসানো হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সিদ্ধান্তে গঠিত এই কমিটির সভাপতি বা আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত। তাঁর এপিএস মো. আল মামুনকে করা হয়েছে ভাইস প্রেসিডেন্ট। এ ছাড়া প্রতিমন্ত্রীর নিজ এলাকার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মহিউদ্দিন মুহসিনকে সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরও কয়েকজনকেও কমিটিতে রাখা হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।
ক্রীড়া সংগঠকদের একাংশের দাবি, কমিটিতে দায়িত্ব পাওয়া ব্যক্তিদের ক্যারম খেলোয়াড় বা ক্রীড়া সংগঠক হিসেবে উল্লেখযোগ্য পূর্ব অভিজ্ঞতা নেই। ফলে একটি জাতীয় ক্রীড়া ফেডারেশনের গুরুত্বপূর্ণ পদ বণ্টনের ক্ষেত্রে যোগ্যতা, অভিজ্ঞতা ও পেশাদারত্বের বদলে ব্যক্তিগত সম্পর্ক এবং রাজনৈতিক প্রভাবকে প্রাধান্য দেওয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠকদের অভিযোগ, অ্যাডহক কমিটি গঠনের আগে দেশের অভিজ্ঞ ক্যারম খেলোয়াড়, সাবেক কর্মকর্তা ও এ খেলার সঙ্গে যুক্ত সংগঠকদের সঙ্গে কার্যকর কোনো আলোচনা করা হয়নি। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ছিল। তাঁদের দাবি, জাতীয় ক্রীড়া পরিষদের নীতিমালা ও ক্রীড়া প্রশাসনের প্রচলিত রীতিনীতি অনুসরণের পরিবর্তে পছন্দের ব্যক্তিদের পদ দেওয়াকেই গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে ক্যারমের উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।
ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, জাতীয় পর্যায়ের একটি ফেডারেশনের অ্যাডহক কমিটির প্রধান কাজ হলো সাংগঠনিক স্থবিরতা দূর করে নিয়মিত কার্যক্রম চালু করা। পাশাপাশি দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা। তবে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের ক্ষেত্রে এই লক্ষ্য কতটা পূরণ হচ্ছে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
সংশ্লিষ্টদের ভাষ্য, জাতীয় ক্রীড়া পরিষদের বিধান অনুযায়ী, অ্যাডহক কমিটিকে সাধারণত দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু ক্যারম ফেডারেশনের নির্বাচন আয়োজনের বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় অসন্তোষ বাড়ছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে অ্যাডহক কমিটির কার্যক্রম ও ক্ষমতার মেয়াদ দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করছেন সাবেক খেলোয়াড় ও সংগঠকেরা।
তাঁদের অভিযোগ, নির্বাচন আয়োজনের উদ্যোগ না নিয়ে বর্তমান কমিটির কার্যক্রম অব্যাহত রাখার প্রবণতা ফেডারেশনের গণতান্ত্রিক ও সাংগঠনিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। এতে প্রকৃত ক্রীড়া সংগঠকদের নেতৃত্বে আসার সুযোগ কমে যাওয়ার পাশাপাশি ক্যারমের উন্নয়ন কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে বিভিন্ন ক্রীড়া সংগঠন, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া বিশ্লেষকদের একাংশও কমিটি গঠনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাঁদের মতে, জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলোকে রাজনৈতিক ও ব্যক্তিগত প্রভাবের বাইরে রাখা জরুরি। এসব প্রতিষ্ঠানের নেতৃত্বে অভিজ্ঞ ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড় এবং সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ব্যক্তিদের নিয়ে আসা প্রয়োজন। গুরুত্বপূর্ণ পদে প্রভাবশালী ব্যক্তিদের আত্মীয়, ঘনিষ্ঠজন কিংবা ব্যক্তিগত কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হলে ক্রীড়া প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ওঠে।
তাঁরা আরও আশঙ্কা করছেন, এ ধরনের সিদ্ধান্ত চলতে থাকলে তৃণমূল পর্যায়ে ক্যারমের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। নতুন খেলোয়াড় তৈরি, নিয়মিত প্রতিযোগিতার আয়োজন, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করার ক্ষেত্রে পেশাদার নেতৃত্বের অভাব দেখা দিতে পারে।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, কোনো ফেডারেশনের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তিগত পরিচয় বা রাজনৈতিক প্রভাবের পরিবর্তে সংশ্লিষ্ট খেলায় অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, সততা এবং খেলাটির উন্নয়নে অবদানকে গুরুত্ব দেওয়া উচিত। তাঁদের ভাষ্য, অ্যাডহক কমিটি কোনো ব্যক্তির পছন্দের লোকজনকে পুনর্বাসনের জায়গা হতে পারে না।
এ পরিস্থিতিতে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়া নিরপেক্ষভাবে পর্যালোচনা, কমিটির সদস্যদের যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাই এবং জাতীয় ক্রীড়া পরিষদের বিধিবিধান মেনে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়দের হাতে ফেডারেশনের দায়িত্ব তুলে দেওয়া হলে বর্তমান বিতর্কের অবসান ঘটতে পারে।