
আগামী ২৪ ঘণ্টার মধ্যে সৎ, দক্ষ এবং ইসলামী অর্থনীতি সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের আলটিমেটাম দিয়েছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’।
সোমবার (২২ জুন) সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন ফোরামের সভাপতি নুর-উন-নবি মানিক।
ব্যাংকটির শৃঙ্খলা ও সুশাসন ফিরিয়ে আনার লক্ষ্যে সাত দফা দাবিতে আজ এই কর্মসূচির আয়োজন করা হয়। সকাল বেলা ১১টার দিকে রাজধানীর দিলকুশায় অবস্থিত ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিপুল সংখ্যক নারী ও পুরুষ গ্রাহক সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তাঁরা বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে গিয়ে অবস্থান নেন।
আন্দোলনকারী গ্রাহকদের মূল দাবি—ব্যাংকটির অতীত গৌরব ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে অবশ্যই সৎ, দক্ষ এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে সম্যক জ্ঞানসম্পন্ন পেশাদার ব্যক্তিদের মাধ্যমে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করতে হবে।
অবস্থান সমাবেশে ফোরামের সভাপতি নুর-উন-নবি মানিক বলেন, "অতীতে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ পাওয়া কিংবা বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে কোনোভাবেই ইসলামী ব্যাংকে পুনর্বহাল করা যাবে না।" সাধারণ আমানতকারীদের আমানতের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংককে আরও কঠোর এবং দৃশ্যমান অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে আন্দোলনরত গ্রাহকদের দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, "গ্রাহকদের উদ্বেগ ও দাবি আমরা গুরুত্বের সাথে দেখছি। খুব শিগগির পেশাদার, সৎ, দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের জন্য একটি শক্তিশালী ও কার্যকর পরিচালনা পর্ষদ গঠন করা হবে।"
কেন্দ্রীয় ব্যাংকের এই আশ্বাসের পর গ্রাহক ফোরামের প্রতিনিধিরা পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা জানিয়ে অবস্থান কর্মসূচি সমাপ্ত করেন। তবে ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে ফোরামের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।