
ডলার–টাকার বিনিময় হারের চাপ সামাল দিতে এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতে গতি ধরে রাখতে বাজারে সক্রিয় হয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ একাধিক নিলামের মাধ্যমে ১১টি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ১৭১ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, টাকার বিপরীতে ডলারের অবমূল্যায়ন ঠেকানো এবং বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখার চলমান কৌশলের অংশ হিসেবেই এই ডলার ক্রয় করা হয়েছে। একই সঙ্গে রেমিট্যান্স ও রপ্তানি আয়ে গতি ফেরাতেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতিটি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে কেনা হয়েছে।
এ নিয়ে চলতি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়াল ৯৬৬ মিলিয়ন মার্কিন ডলারে। আর ২০২৫-২৬ অর্থবছরে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক মোট ৪ হাজার ৮৯৯ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে।