
মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউডের প্রখ্যাত পরিচালক রোহিত শেঠির বাড়ির বাইরে গভীর রাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত প্রায় ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা তার বাড়ির সামনে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছোঁড়ে। তবে এই ঘটনায় কেউ আহত হননি, জানিয়েছে পুলিশ।
ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। বর্তমানে রোহিত শেঠির বাড়ির বাইরে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। তবে হামলার পেছনের উদ্দেশ্য স্পষ্ট নয় এবং এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।
রোহিত শেঠি মুম্বাইয়ের জুহু এলাকায় বসবাস করেন, যেখানে অনেক বলিউড তারকার বাড়ি রয়েছে। পুলিশ জানিয়েছে, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনার সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে বলিউড ও বিনোদন জগতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে ২০২৪ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ে সুপারস্টার সালমান খানের আবাসন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানো হয়েছিল। ওই হামলার দায় নিয়ে ছিল বিষ্ণোই গ্যাং। এ ছাড়া অভিনেত্রী দিশা পাটানির বরেলির বাড়ির বাইরে গুলিবর্ষণ, কানাডায় কপিল শর্মার ক্যাফেতে তিন দফা গুলিবর্ষণ এবং পাঞ্জাবি সংগীতশিল্পী এপি ধিলোঁর বাড়ির বাইরে হামলার দায়ও একই গ্যাং স্বীকার করেছে।
ভারতের গুরুগ্রামের ইউটিউবার এলভিশ যাদবের বাড়িতেও সাম্প্রতিক সময় গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।
রোহিত শেঠির বাড়ির বাইরে ঘটে যাওয়া এই হামলার তদন্ত চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, সম্ভাব্য সব দিক বিবেচনায় এনে ঘটনার পেছনের কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে। এই বিষয়ে রোহিত শেঠি এখনও কোনো মন্তব্য করেননি।